শেরপুরের নকলা উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফখরুল আলম চৌধুরী (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মালাই গ্রামের মোহাম্মদ দুলাল উদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল আলম চৌধুরী দীর্ঘদিন ধরে নকলা থানার বারুইকান্দি গ্রামের বাসিন্দা মৃত আঃ হকের ছেলে আব্দুল মোতালেবের (৫০) চৌচালা হাফ-বিল্ডিং টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
আজ বাসার বারান্দার চালের কাঠের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার বিবরণ জানিয়ে নকলা থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

