জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় চেয়ারম্যান জেকে সেলিমের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে একটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অভিযানে অবৈধ ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে তারা স্বাগত জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

