জামালপুর জেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর সার্বিক নির্দেশনা ও ডিবি-১ এর অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইয়ূম-এর তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযান:
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ থানার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মোঃ সাইদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান:
একই দিন রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর সদর থানার শেরপুর ব্রিজ-জামালপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এসময় ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুন্না (৩২), মোঃ আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) ও মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
এ ঘটনায় জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানা-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার বলেন, “জামালপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ডিবি-১ এর ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে এবং ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

