জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকরুল গ্রামে বিরল এক ঘটনার জন্ম হয়েছে।
পাকরুল এলাকার জিন্নাহ ফকিরের পালিত ছাগল থেকে দুই মুখ ও চার চোখবিশিষ্ট একটি ছাগলের বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভীড় লেগে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাহ ফকিরের বাড়িতে ছাগলটি বাচ্চা প্রসব করলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হয়ে পড়েন। জন্ম নেওয়া বাচ্চাটির রয়েছে দুটি পৃথক মুখ ও চারটি চোখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও উৎসুক মানুষ এক নজর দেখতে ভিড় করছেন।
বর্তমানে ছাগলের বাচ্চাটি জীবিত রয়েছে বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই এটিকে মহান আল্লাহর অপার সৃষ্টি ও রহস্যময় নিদর্শন হিসেবে উল্লেখ করছেন।
ছাগলের বাচ্চা’র ঘটনা সত্য বলে জানান স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন জানান
এটি সম্পূর্ণভাবে একটি জন্মগত ত্রুটির কারণে ঘটেছে। গর্ভাবস্থায় ছাগলের ভ্রূণের কোষ বিভাজনের সময় অস্বাভাবিকতা দেখা দিলে এ ধরনের শারীরিক বিকৃতি তৈরি হতে পারে। তিনি বলেন, ভ্রূণ গঠনের প্রাথমিক পর্যায়ে কোষ বিভাজন সঠিকভাবে না হওয়ায় বাচ্চাটির কিছু অঙ্গ-প্রত্যঙ্গ দ্বিগুণ হয়ে গেছে। এটি কোনো সংক্রামক রোগ নয়।

